প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহে যাত্রী সেজে ফোন করে এক অটোচালককে ডেকে নিয়ে মারধর করে নির্জনে ফেলে রেখে তার অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী অটোচালকের নাম আতিকুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দা পাড়া এলাকার বাসিন্দা এবং ‘মেসার্স প্রার্থনা এন্টারপ্রাইজ’ নামীয় অটো গাড়ি চালাতেন।

ভুক্তভোগীর স্ত্রী আছিয়া খাতুনের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার স্বামীর ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে অটো গাড়ি নিয়ে রিজার্ভে যাওয়ার কথা বলেন। সরল বিশ্বাসে ফোনদাতাদের কথামতো তার স্বামী অটো গাড়ি নিয়ে সার বাজার এলাকা থেকে বের হয়ে যান।

এরপর দীর্ঘ সময় পার হলেও আতিকুল ইসলাম গাড়ি নিয়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে কাশিগঞ্জ-বেলতলী এলাকায় আতিকুল ইসলামকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানালে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এরপর ১৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে অজ্ঞাত একটি মোবাইল ০১৩৪৩৫১২৮০৯ থেকে আছিয়া খাতুনের কাছে ফোন আসে। ফোনদাতা তার স্বামীর অটো গাড়ি ফেরত দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ওই ব্যক্তি টাকা পাঠানোর জন্য একটি বিকাশ ০১৩২১৩৮৩২৪৬ দেন।

ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ, অজ্ঞাতনামা ব্যক্তিরা তার স্বামীকে মারধর করে ধান ক্ষেতে ফেলে রেখে অটো গাড়িটি নিয়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে গাড়িটি ফেরত দেওয়ার জন্য টাকা দাবি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আছিয়া খাতুন কোনো উপায় না পেয়ে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগীর পরিবার।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন