প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ নগরীর কলেজ রোডে (একাডেমী রোড) আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন গংদের বিরুদ্ধে।  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘স্থিতাবস্থা’ (Status Quo)  বজায় রাখার আদেশ লঙ্ঘন করে এবং সিটি কর্পোরেশনের বিল্ডিং নির্মাণ বিধিমালা তোয়াক্কা না করেই এ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
‎
‎এ ঘটনায় ভুক্তভোগী ছাহেরা বানু নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন গোয়াইলকান্দি মৌজার (বিআরএস ২৩৮ নং খতিয়ান, ১০২ নং দাগ) পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমি নিয়ে মো: জাহাঙ্গীর হোসেন ও এ.কে.এম রেজাউল করিম গংদের সাথে ছাহেরা বানুর দীর্ঘদিন ধরে দেওয়ানি বিরোধ চলছে। এ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা (Civil Petition No. 1635/2023) বিচারাধীন রয়েছে, যেখানে আদালত উক্ত বিতর্কিত সম্পত্তির ওপর কঠোরভাবে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেন।
‎
‎ভুক্তভোগী ছাহেরা বানু জানান, আদালতের সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিল্ডিং নির্মাণ বিধিমালা (পর্যাপ্ত জায়গা না ছাড়া ও নকশাবহির্ভূত) সম্পূর্ণ লঙ্ঘন করে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া দলিলে উল্লেখ ৪ফুট রাস্তা না রেখে ভবন নির্মাণের অভিযোগ ছাহেরা বানুর।  এতে বাধা দিলে বিবাদীরা তার পরিবারকে প্রাণনাশের হুমকি ও সম্পত্তি দখলের অপচেষ্টা চালায়। এর আগেও এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় জিডি (জিডি নং- ১১৪৪, তারিখ: ১১/০৯/২০২৩ খ্রি.) এবং জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করা হয়েছিল।
‎
‎
‎এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সিটি কর্পোরেশনের আইন বহির্ভূত এই অবৈধ নির্মাণ কাজ সরজমিনে তদন্তপূর্বক অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
‎
‎এবিষয়ে অভিযুক্ত এ.কে.এম রেজাউল করিম ও তার জামাতা এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, আমরা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ কাজ করছি।
‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন