প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:১০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন

স্টাফ রিপোর্টার।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক সেবা সততা, স্বচ্ছতা ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইল জেলায় সরকারি সফর সম্পন্ন করেছেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা।

সফরসূচির সূচনায় তিনি টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে এক আন্তরিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা, রেকর্ডরুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করেন। প্রতিটি দপ্তরেই তিনি নাগরিক সেবা প্রদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সরেজমিনে আগত সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশাসনিক পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেন বিভাগীয় কমিশনার মহোদয়। তিনি টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুল পরিদর্শন করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিয়ারিং এইড ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। পরিবেশ সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এছাড়াও তিনি স্থানীয় গ্রাম পুলিশদের কাজের সুবিধার্থে বাইসাইকেল, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

সফরের শেষভাগে মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন মান্যবর বিভাগীয় কমিশনার। এরপর মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

উক্ত পরিদর্শনের সময় টাঙ্গাইল জেলার মান্যবর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন