ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও দুইজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কানিহারি ইউনিয়নের কালীরবাজার সংলগ্ন বালুর খলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজিচালক জসিম (৪০) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপরজন একজন নারী যাত্রী। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, বালুবাহী ডাম্পট্রাকটি গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে কানিহারি-তিরখী এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।
ত্রিশাল থানার এসআই পলাশ চন্দ্র রায় বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হলে সেখানে এক নারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক।।