ময়মনসিংহের নান্দাইলে ১৬ বছর বয়সী এক কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান (৩৬) নামে এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে গ্রেপ্তান মাহমুদুলকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল রবিবার রাতে নান্দাইল সদর থেকে ওই নারী ফুটবলার ও তার সতীর্থ খেলোয়াড়েরা মাহমুদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের শামছুল ইসলামের ছেলে।
এ ঘটনায় রাতেই কিশোরী ফুটবলারের বড় ভাই বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নান্দাইল একটি উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। শেরপুর ইউনিয়নের দুর্বাকান্দা ব্রিজের কাছে গেলে চালক মাহমুদুল ইজিবাইক থামিয়ে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরেন এবং জোগপুর্বক ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই ফুটবলার ধস্তাধস্তি করে চিৎকার করলে মাহমুদুল তাকে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে রবিবার রাতে নান্দাইল সদরে মাহমুদুলকে দেখতে পেয়ে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে তাঁকে আটক করে পুলিশে দেন ওই নারী ফুটবলার।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক।।