ময়নসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বের ) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। নিহত সাফার পিতা মাজহারুল ইসলাম এবং অপর নিহত শিশু সাইফানার মা সাদিয়া আক্তার সহদর ভাই -বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে শিশু দুইটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিথুন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

ময়মনসিংহ প্রতিনিধি।।