রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ অবস্থায় থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মহাখালী বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। এ সময় তিনি জানান, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে নির্ধারিত সংখ্যক গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট গাড়িগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।
অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান বলেন, “এই অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। সকল বাস মালিক ও চালকদের সহযোগিতা কামনা করছি।”
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস মালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী অপেক্ষমাণ গাড়িগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচল ডিপোতে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

স্টাফ রিপোর্টার।।