ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। যার বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ডিসপ্লে জব্দ করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরকাটা এলাকা দিয়ে চোরাকারবারীদের অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা। পরে বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করে। আটককৃত এসব ডিসপ্লের সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সব সময় কাজ করে যাচ্ছে বলেও জানান হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ।।