প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১:৩৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে আইটি কোম্পানির ডাটা হ্যাক: ১০ হাজার ডলার মুক্তিপণ দাবির অভিযোগে যুবক গ্রেফতার

নাজমুল হাসান।।

ময়মনসিংহ শহরে একটি আইটি কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত হ্যাক করে নিয়ে যাওয়া এবং তা ফেরত দেওয়ার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ১০ হাজার মার্কিন ডলার দাবি করার অভিযোগে মোঃ ইয়ানাছ মাহমুদ পিয়াল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের KMF International Company Ltd.-এর শাখার গুরুত্বপূর্ণ ডাটা হ্যাক করে নিয়ে যায় এক হ্যাকার। পরে হ্যাক করা তথ্য-উপাত্ত ফেরত দেওয়ার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে ১০ হাজার মার্কিন ডলার দাবি করা হয়।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান শাকিলের নির্দেশনায় এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় পুলিশ টানা তিন দিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ময়মনসিংহ শহরের কাচিঝুলি হামিদ উদ্দিন রোড এলাকা থেকে মোঃ ইয়ানাছ মাহমুদ পিয়ালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ধারা ১৮(১), ২৫(১) ও ২৭(১)-এর অধীনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দীর্ঘ তিন দিনের প্রচেষ্টায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন