প্রকাশের সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ । ১:৫২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুরে জামাইয়ের হাতে সাহারা খাতুন (৬৫) নামে এক নারী খুন হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতের জামাই সাহেদ বিশ্বাস (৩৫) সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত সাহারা খাতুন, ফুলপুর নামাপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত সাহেদ বিশ্বাস একই এলাকার আবুল কাশেম বিশ্বাসের ছেলে এবং নিহতের জামাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফুলপুর নামাপাড়া এলাকায় সাহারা খাতুনের সঙ্গে তার জামাই সাহেদ বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ বিশ্বাস তার শাশুড়িকে গলা টিপে ধরেন এবং পরে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাহারা খাতুনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ওনারা আরো বলেন, ঘটনাটি হঠাৎ করেই ঘটে। তবে কী কারণে সাহেদ বিশ্বাস তার শাশুড়িকে হত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্ত সাহেদ বিশ্বাসকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহেদ বিশ্বাসসহ একই এলাকার শাহেরা খাতুন (৫৫) ও তাসলিমা আক্তার (২৭) নামে আরও দুজনকে আটক করে পুলিশ।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক অথবা জমিজমা সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন