ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর ও ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শ্রী জুটন সরকার (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, জুটন সরকার পূর্বপরিচয়ের সূত্রে মোশারফ (৩৫) ও হেলাল (৫৫) নামের দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে তিনি ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে গাঙ্গিনারপাড় বারী প্লাজার উল্টা পার্শ্বে তার দোকানে গিয়ে টাকা দাবি করেন অভিযুক্তরা।
ভুক্তভোগীর অভিযোগ, বাকি টাকার ওপর সুদসহ অতিরিক্ত টাকা দাবি করা হলে তিনি এর প্রতিবাদ করেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে দোকান থেকে বের করে দেন। একই সময় দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্তরা দোকানের ক্যাশ বাক্সে থাকা ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন জুটন সরকার।
তবে অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
