বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময়, দুর্গাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সদস্য সচিব হিমেল, যুগ্ম-আহ্বায়ক রতন, শহীদুল্লাহ, সুমন মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।