প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ১:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।
খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ ব্যাংকার্স একাদশ ও দুর্গাপুর একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (৮ আগস্ট) বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে থাকেন। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ ও গোলের সুযোগে পুরো মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ময়মনসিংহ ব্যাংকার্স একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় দুর্গাপুর একাদশ।
তবে এ ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি তিনি দুর্গাপুর একাদশের হয়ে নিজেই খেলোয়াড় হিসেবে অংশ নেন। পুলিশের একজন কর্মকর্তাকে আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে মাঠে নেমে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলতে দেখে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। তার অংশগ্রহণ ম্যাচটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনি, উপজেলা ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিপন, সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আতাউর রহমান ফরিদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
তারা আরও বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং দুর্গাপুর ও ময়মনসিংহের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দুর্গাপুরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ জানান ক্রীড়ামোদীগন।
প্রীতি ফুটবল ম্যাচটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সজীব।
আয়োজকরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন