তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুতানে ছাত্র-জনতার হত্যাকারী ও সকল অপরাধীদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে ক্ষতি হয়েছে তা হয়তো আমরা পূরণ করতে পারব না ,তবে শহীদদের পরিবার ও আহতদের পাশে আমরা সবসময় থাকবো। বুধবার (৫ আগস্ট) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ও আহতদের কথা শ্রদ্ধাভরে বাংলাদেশের মানুষ স্মরণ করবে। তাদের এই আত্মত্যাগের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা। নান্দাইল উপজেলার ৬ টি শহীদ পরিবারেরকে আধা-পাকা ঘর নির্মাণ ও নলকূপ স্থাপন করা হবে। ভবিষ্যতেও এ নান্দাইল উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে আমি এবং আমার সরকার থাকবে। বক্তৃতা শেষে শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠান পূর্বে মন্ত্রী জুলাই শহীদদের স্মরণে নান্দাইল উপজেলা শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন। এছাড়াও জুলাই কর্নার উদ্বোধন, ছবিতে জুলাই-ফটো এক্সিবিশন উদ্বোধন এবং জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ গ্রাফিতি অংকন, জুলাই স্মৃতি ক্যানভাস – গণস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীবৃন্দ।

স্টাফ রিপোর্টার।।