তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে—এ ধরনের কোনো ঘটনার তথ্য পুলিশ পায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। কেউ অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।