প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ১২:০১ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ আজ বৃহস্পতিবার (২৫/০৬/২০২৬) মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । এটি এমআইএসটির শিক্ষার্থীদের দ্বারা গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল এমআইএসটি ব্লিটজ ও বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমুউনিটি এর একটি যৌথ উদ্যোগ।

ইভেন্টটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের ইভেন্ট, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল ইন্ডাস্ট্রী প্রফেশনালগণ এবং পলিসিমেকারগণ একত্রিত হয়। অনুষ্ঠানটি বাংলাদেশের অটোমোবাইল কমিউনিটির বন্ধন আরও মজবুত করবে বলে আশা করা যায়। শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের একই মঞ্চে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এই সামিটের মূল লক্ষ্য। এই আয়োজনে প্রায় ২,৫০০-এর অধিক অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি। অনুষ্ঠানটির আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, বিভাগীয় প্রধান, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইএসটি।

অনুষ্ঠানে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর টেকনিক্যাল সেশন এবং দেশের অটোমোটিভ ও ওইএম (OEM) খাতের উন্নয়ন সংক্রান্ত ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রী প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষভাবে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়।

এছাড়া দর্শনার্থীদের জন্যে ইভেন্টে আকর্ষণ হিসেবে ছিল কার শো, গো-কার্ট রেসিং, সিমুলেটর রেসিং। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ‘কার শো’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়ি প্রদর্শিত হয়।

মূল আয়োজনের পূর্বে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়, যেখানে ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান ও হাই-পারফরম্যান্স গাড়ি উন্নয়নে অভিজ্ঞ দেশি-বিদেশি অটোমোবাইল ইন্ডাস্ট্রী প্রফেশনালরা শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইভেন্ট বাংলাদেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং বাংলাদেশে ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন