ময়মনসিংহ নগরীর শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল। বুধবার (১৮ জুন ২০২৬) বিকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য্য চৌধুরী জনহিতকর কাজের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর নাগরিকদের জন্য সর্বপ্রথম সুপেয় পানির ব্যবস্থা করেন। ১৮৮৯-৯০ সালে রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস্ স্থাপন করেন। এই ওয়াটার ওয়ার্কস্ স্থাপনের মাধ্যমেই নগরীতে সুপেয় পানি সরবরাহ কার্যক্রম শুরু হয়। কালের আবর্তে এর অনেকাংশ বিলীন হয়ে গিয়েছে। অবশিষ্ট হিসেবে ওয়াটার ওয়ার্কসটিতে জলাধারের অংশ ও একটি পানির ট্যাংক রয়েছে। দীর্ঘ বৎসর ময়লা-আবর্জনা ও আগাছা পরিস্কার না করায় তা আজ ধ্বংসের পথে।
স্মানকলিপিতে পুরাকীর্তি ঐতিহ্যের নিদর্শন হিসেবে ময়মনসিংহ নগরীর শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসটির বিদ্যমান অবশিষ্টাংশ সংরক্ষণ করে প্রজন্মের সামনে দৃশ্যমান করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে সিটি প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে পুরাকীর্তি সুরক্ষা কমিটির প্রতিনিধি দলকে অবহিত করেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ পুরাকীর্তি সুরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসটি পরিদর্শন করে সংরক্ষণের দাবী জানায় জানায়। তারই ধারাবাহিকতায় গতকাল (১৮ জুন ২০২৬);স্মারকলিপি প্রদান করে।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।