অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান ও অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার হিসেবে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিআইডির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিদায়ী প্রধানের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় সদর দপ্তরের কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং জেলা ইউনিটসমূহের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সফলতার সাথে দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নতুন কমিশনার হিসেবে সরকারের বদলীর আদেশপ্রাপ্ত হয়েছেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ তার বর্ণাঢ্য কর্মজীবনে পেশাদারিত্ব, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখে এসেছেন। সিআইডি প্রধান হিসেবে যোগদানের পূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে তিনি মাঠপর্যায়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন; জাতিসংঘের African Union-United Nations Hybrid Operation in Darfur (UNAMID)-এ পুলিশ লিয়াজোঁ অফিসার (P-4) হিসেবে দায়িত্ব পালন তার পেশাগত জীবনে বিশেষ মাত্রা যোগ করেছে।
শিক্ষাগত জীবনে তিনি অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ে MBA এবং Applied Criminology and Police Management বিষয়ে MACPM ডিগ্রি অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, যা তাকে আধুনিক ও সময়োপযোগী নেতৃত্ব প্রদানে সক্ষম করে তুলেছে। এছাড়াও সম্প্রতি তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা জনাব মোসলেহ্ উদ্দিন আহমদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, মানবিক আচরণ ও প্রযুক্তিবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বে সিআইডির বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হয়েছে এবং তিনি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একজন অনুপ্রেরণাদায়ী অভিভাবক হিসেবে কাজ করেছেন।
অনুষ্ঠানের শেষে সিআইডির পক্ষ থেকে বিদায়ী এই কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এসময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সিআইডি পরিবার তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করে।

স্টাফ রিপোর্টার।।