প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষককে বহিষ্কার

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহের তারাকান্দায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। কলেজের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নের অভিযোগ এনে প্রভাষক কামরুল ইসলামকে চূড়ান্ত বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরীক্ষার্থীদের কলেজ থেকে বের করে নেওয়ার অভিযোগ ওঠে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কামরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়, ঘটনাটির ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পরে কলেজে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষক—কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডার একপর্যায়ে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে অন্য তালা লাগানোর ঘটনাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ দেখতে পায় বলে দাবি কলেজ প্রশাসনের। এ ঘটনার তদন্তে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের সুপারিশ করা হলে তাকে কলেজের যাবতীয় কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এমন দ্বন্দ্বে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন