প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে নিযুক্ত সিনিয়র সহকারী সচিব মঈন উদ্দিন কাদির। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার সাব-রেজিস্ট্রি অফিসে তদন্ত করেন তিনি।

তদন্তের বিষয়ে সিনিয়র সহকারী সচিব মঈন উদ্দিন কাদির জানান, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২২ এপ্রিল তাঁকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়। তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে; যা দেখলেন তা প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দেবেন তিনি।

অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার জাকির হোসেন নামে-বেনামে বিপুল সম্পত্তি কিনেছেন। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন। যার দাম ২ কোটি টাকা। নিজে চড়েন কোটি টাকার গাড়িতে। তাঁর স্ত্রী চড়েন ৫০ লাখ টাকার গাড়িতে। সম্প্রতি মিরপুরে ১০তলা বাড়ি নির্মাণ করেছেন। জাকির ও তাঁর স্ত্রী মনিরা সুলতানার একাধিক ব্যাংক হিসাবে প্রায় ১২ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। জাকিরের গ্রামের বাড়ি মির্জাপুরেও বিপুল টাকার সম্পত্তি কিনেছেন। অথচ সরকার থেকে বেতন পান ৪৫ হাজার টাকা।

রোববার দুপুরে তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার পর সাংবাদিকরা সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের সঙ্গে কথা বলতে গেলে দরজা বন্ধ করে দেন। অফিসের পিয়ন মিজানকে দিয়ে জানিয়ে দেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না তিনি।
সুত্র, দৈনিক সমকাল

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন