ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার হালুয়াঘাট থানার নাগলা বাজার এলাকায় ফুলপুর-হালুয়াঘাট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ মিয়া (২৮) ও এস এম অনিক ইসলাম (২৭)। তাঁদের বাড়ি ফুলপুর থানার চরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ওই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এ ধরনের অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের আস্থাও বাড়ছে বলে মনে করছেন তারা।

সেলিম সাজ্জাদ ময়মনসিংহ।।