প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ । ৪:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সেবার ব্রতে চাকরি’ স্লোগানে ময়মনসিংহে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম

সেলিম সাজ্জাদ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘সেবার ব্রতে চাকরি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় শারীরিক সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ Physical Endurance Test (PET)।
জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ এবং বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে মূল্যায়ন করা হয়। এদিন পরীক্ষার্থীরা ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশগ্রহণ করেন।
নিয়োগ প্রক্রিয়ার সার্বিক স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, “যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ নেই।”
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো কার্যক্রমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা বজায় রাখা হয়, যাতে প্রার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।
প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকেই আশা প্রকাশ করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ৭টা থেকে একই স্থানে উত্তীর্ণ প্রার্থীদের জন্য তৃতীয় দিনের Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। এদিন ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংয়ের মতো আরও কঠোর শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে চূড়ান্তভাবে প্রার্থীদের সক্ষমতা যাচাই করা হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধাপে ধাপে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে টিআরসি পদে নিয়োগ দেওয়া হবে, যা পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন