প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ৪:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

সেলিম মিয়া।।

রাজধানীর সাত ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

পাম্পগুলো হলো আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন ও আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন।

সরকারি নিদের্শনায় বলা হয়, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অ্যাপটি মোটরসাইকেল চালকদের ফুয়েল দেওয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়।

এপরিস্থিতিতে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন