প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৫:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন— শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে হবিবুর রহমানকে পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মা সুফিয়া খাতুনও আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের ভাগ্নি মোছা. নুরুন্নাহার ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার বিচারিক কার্যক্রমে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস দেওয়া হয় এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হারুনুর রশিদ। ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন