প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৭:০১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার : ঘাতক পিতা ও সৎ মা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন বছর শিশু লাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলার রায়ের গ্রাম এলাকার রাস্তার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ঘাতক পিতা সোহাগ মিয়া ও সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত শিশুর মা লামিয়া তার পিতার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুরে নিহতের পিতা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং একই দিন সন্ধ্যায় তাকে পুনরায় নানার বাড়িতে রেখে যাওয়ার কথা ছিল। এদিন সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম আসামি গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে নিহত শিশুর পিতা সোহাগ মিয়া এবং জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করে যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে নিজে তার সন্তানকে গলা টিপে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে চলে গেছে ।

এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় সোহাগ মিয়া(৩০) ও জাকিয়া আক্তারের(২৮) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন