প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৪:১০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মসিকের শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ চামড়া বাজারে সেড নির্মাণ কাজকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে নিম্নমানের কাজ ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান মিশুক এন্টারপ্রাইজ নির্মাণ কাজে মানসম্মত উপকরণ ব্যবহার না করে নানা অনিয়ম করছে।

অভিযোগ রয়েছে, সেড নির্মাণে নির্ধারিত মানের রড ব্যবহার না করে নিম্নমানের (নন-গ্রেড) রড ব্যবহার করা হচ্ছে। এমনকি কিছু অংশে রড ছাড়াই ঢালাই করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও, বাউন্ডারি পিলারে প্রয়োজনীয় রড ব্যবহার না করা, সিমেন্টের পরিমাণ কম দেওয়া এবং সামগ্রিকভাবে নিম্নমানের নির্মাণ কাজ করার অভিযোগ করেন এলাকাবাসী। তাদের দাবি, এভাবে কাজ চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।

এমন অনিয়মের প্রতিবাদে স্থানীয়রা একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, গতকাল সেড নির্মাণ কাজ পরিদর্শনে যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। পরিদর্শনকালে তিনি অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মানসম্মতভাবে পুনরায় কাজ শুরু করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন