প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ১২:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ২টি এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। বুধবার (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

তারা মিয়া, রিক্সা চালিয়ে তার কস্টার্জিত আয় থেকে স্থানীয় চন্ডিগড় অনাথ আশ্রম ও কুল্লাগাড়া স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ-রসুন, মুড়ি, ডিম ও বিস্কুট সম্বলিত খাদ্যের প্যাকেট আশ্রমের শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম, আল নোমান শান্ত, রাজেশ গৌড় প্রমুখ।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এখন রিক্সা না চালিয়ে ঢাকায় একটি ফার্মে কাজ করছি। ওই আয় থেকেও কিছু টাকা সঞ্চয় করে অসহায়দের সহায়তা করে যাচ্ছি।

আমি গরীব মানুষ, তাই গরীব বা অসহায়দের মর্ম আমি বুঝি, ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করে যাচ্ছি। এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন