শেরপুরের ঝিনাইগাতীতে অভিনব কৌশলে বালু পাচারের অভিযোগে সালমান (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,উপজেলার নকশী এলাকা থেকে পুরাতন টিনের ছাউনি দিয়ে কৌশলে বালু পাচারের সময় বনকর্মীরা সালমানকে একটি ট্রলি সহ আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১১ ধারা লঙ্ঘন এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত সালমান শ্রীবরদী উপজেলার খামারিয়া পাড়া এলাকার চান্দু বাদশার ছেলে। রায় ঘোষণার পর তাকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন,গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।।