প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে কাঠমিলে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে এমপি‘র মোড় এলাকায় একটি কাঠমিল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসাবাড়ি, বিভিন্ন কাঠের দোকান ও পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মাঝে মিলের ভেতরে জমানো কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, রাত ৩টার কিছু পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের তীব্রতা বেশি থাকলেও দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে পার্শ্ববর্তী বসতবাড়ি, কাঠের দোকানপাট সহ পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মিলের ভেতরে থাকা মূল্যবান কাঠ ও কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় দোকানপাট ও মিলের আশপাশের বাসাবাড়ী গুলোতে আতঙ্ক বিরাজ করছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন