বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই রদবদলের তথ্য নিশ্চিত করেছে।
আদেশ অনুযায়ী, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিদায়ী সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের স্থলাভিষিক্ত হলেন, যিনি সম্প্রতি অবসরে গেছেন।
একই সঙ্গে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করা হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব প্রদানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাঁকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনা সদর থেকে সংস্থাটির প্রধান হিসেবে পাঠানো হচ্ছে। অন্যদিকে, বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে খুলনার ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। এছাড়া বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ও মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

স্টাফ রিপোর্টার।।