প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে চাঁদার হার বেড়েছে সাড়ে ৩ গুণ, ক্ষোভে মহাসড়ক অবরোধ সিএনজিচালকদের

সেলিম মিয়া।।

ময়মনসিংহে ২০ টাকার চাঁদা বেড়ে হয়েছে ৭০ টাকা। ‘জিপি’র নামে এই চাঁদা আদায় করা হচ্ছে। এতে বিভিন্ন সড়কে দৈনিক ২০০ টাকার মতো চাঁদা দিতে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশার চালকদের। এ ঘটনায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ত্রিশালের অটোরিকশা চালকরা।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী চালকদের দাবি, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে। এ নিয়ে ক্ষোভ থেকেই তারা সড়ক অবরোধ করেন। জনভোগান্তির বিষয়টি বুঝিয়ে বললে তারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।

এক বিক্ষোভকারী গণমাধ্যমকে বলেন, আমাদের সংসার আছে। কিন্তু ময়মনসিংহের চাঁদাবাজরা আগে নিত ২০ টাকা, পরে ৩০-৪০, এখন এক ধাপে ৭০ টাকা বানিয়ে ফেলেছে। এটা কি সম্ভব? সেখানে ৭০ টাকা বানিয়েছে, সেটা দেইখা ত্রিশালে আরো বাড়াবে। পৌরসভায় দিতে হয় ২০ টাকা। দৈনিক একটা সিএনজি ড্রাইভারের ২০০ টাকার মত চাঁদা দিতে হয়। আমরা গাড়ি চালিয়ে কয় টাকা পাই? এই চাঁদাবাজি চলবে না।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন গণমাধ্যম কে বলেন, ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন