প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

যাত্রী ধারণের সক্ষমতা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ বিষয়ে নির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কবে নাগাদ চালু হবে এটাতো বলা যাবে না। এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। তবে নির্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না।’

থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিলো, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিলো, ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিলো, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। এ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে। ২০২৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনও চালু করা সম্ভব হয়নি এ টার্মিনালটি।

বেবিচক সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ। প্রথম ধাপে চালু করা হবে ১২টি। থাকবে উড়োজাহাজ রাখার জন্য ৩৬টি পার্কিং বে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টারসহ মোট ১১৫টি চেক-ইন কাউন্টার থাকবে। এছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ থাকবে ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার।

ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং মিলে এ টার্মিনালটি নির্মাণ করেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন