প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আল আমিনকে (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ (শনিবার) দিবাগত রাত ১টা ৫ মিনিটে দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও এজাহার সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় তিনি প্রতিদিন প্রতিবেশী আল আমিনসহ অন্যান্য আসামিদের উঠানে সিএনজিটি রাখতেন। সিএনজি রাখাকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার বাগবিতন্ডা হয়। পরবর্তীতে আবুল কালাম বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরই জেরে গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে নান্দাইল চৌরাস্তা বাজার সিএনজি স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল কালামের পথরোধ করে। এসময় আল আমিনসহ এ হত্যা মামলার অন্যান্য এজাহার নামীয় আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ২৭ জানুয়ারি নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া (৫২) বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৪) দায়ের করেন। মামলা রুজুর পর ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন