প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক।।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধে নগরীর বিভিন্ন বাজারে সরেজমিন তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর মেছুয়া বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এ অভিযান চালানো হয়।

এ সময় দোকানে দোকানে ঘুরে পণ্যের মূল্যতালিকা যাচাই, মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা।

তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর-এর প্রতিনিধিরা।

এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন