প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৩০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান

সেলিম মিয়া।।

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানী ভাতার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের পাতা ফাঁদে পা না দিতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা মূলত ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে এসব প্রতারণামূলক ফোনকল করছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের বক্তব্যে স্পষ্ট করে জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে। এজন্য কোনো ব্যক্তি বা আলাদা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যেন এই প্রতারক চক্রের কোনো প্রলোভন বা ফোনকলে সাড়া না দেন। সরকারি এই পেমেন্ট প্রক্রিয়ার জন্য কোনো ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং তথ্য বা পিন নম্বর চাওয়ার সুযোগ নেই। যদি কেউ ইসি’র পরিচয় দিয়ে তথ্য চায়, তবে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে ইসি

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন