জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ বলেছেন, স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম। ছাত্র আন্দোলন ব্যতীত ইতিহাসে কোনো আন্দোলন সফলতা অর্জন করেনি। তেমনি জাতীয় ছাত্র সমাজেরও রয়েছে স্বর্ণালী অতীত।
তিনি আজ সন্ধ্যায় বারিধারাস্থ মহাসচিবের কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের নবগঠিত আহবায়ক কমিটির সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
সভায় জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন বলেন, ক্যাম্পাস ভিত্তিক সংগঠন গড়ে তোলার মাধ্যমে সংগঠনকে নতুন রুপে ঢেলে সাজাতে হবে। দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে পল্লীবন্ধু এরশাদের আদর্শ ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি ছাত্র- ছাত্রীদের দাবি আদায়ে জাতীয় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে জাতীয় ছাত্র সমাজ জাতীয় পার্টির মূল ভ্যানগার্ড। জাতীয় ছাত্র সমাজকে সাংগঠনিকভাবে শক্তিশালী না করা গেলে পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন অধরা থেকে যাবে।
জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সাহিদুল ইসলাম সাকিলের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, যুগ্ম- মহাসচিব রিফাতুল ইসলাম পাভেল, জাতীয় ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ মিলন খান, মোঃ হৃদয় হাসান, মোহাম্মদ রায়হান প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সেলিম রানা সিয়ামের অসুস্থ মাতার সুস্থতা কামনা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।