প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেই রিকশাচালককে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি বলে দাবি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলছে, আজিজুরকে পেনাল কোডের একটি নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আজ রোববার ১৭ আগস্ট ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির বিবৃতিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।’

ডিএমপি দাবি করছে, ‘প্রকৃতপক্ষে মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।’

এই বিষয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে ডিএমপির বিবৃতিতে।

এদিকে, গতকাল শনিবার আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে গত বছরের জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। আর আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন