প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ । ২:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পথ পাঠাগারের আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

ধনেশ পত্রনবীশ  দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি II
নানা জাতের টাটকা ও রসালো ফল নিয়ে উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। সোমবার বিকেলে প্রেসক্লাব হলরুমে পথ পাঠাগারের আয়োজনে এ মৌসুমি  ফল উৎসব হয়।  আম, কাঁঠাল, পেয়ারা, লটকন, পেঁপে, কলা সহ নানা স্বাদের ও বাহারি রঙের ফলের সমারোহে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে পথ পাঠাগারের সভাপতি  নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ-সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শহীদুল্লাহ্ খান, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার,  প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন,  কবি দুনিয়া মামুন প্রমুখ।
প্রধান অতিথি নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ইতিহাস,ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত  এই ফল উৎসব। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শুধু আনন্দ দেয় না, বরং সকলের মধ্যে দেশীয় সংস্কৃতি, কৃষিপণ্য এবং সুস্থ খাদ্যাভ্যাস সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলে। আমি আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যাশা রাখি। সকলকে দেশীয় ও হারিয়ে যাওয়া ফলের গাছ রোপণের আহ্বান জানান।
পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন,  এই প্রথম সংগঠনের পক্ষ থেকে মৌসুমি ফল উৎসব করেছি। আনন্দঘন পরিবেশ সৃষ্টি ও দেশি সংস্কৃতির বিকাশ ঘটাতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছিলাম সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে এক টেবিলে বসিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির একটি মুহূর্ত তৈরি করতে। আলহামদুলিল্লাহ, আজকের উপস্থিতি আমাদের সেই চেষ্টাকে সফল করেছে। আগামীতে আরো বড় পরিসরে এই উৎসবের আয়োজন করব। সকলের সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন