প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ৮:২৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করা হবে

স্টাফ রিপোর্টার।।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।

গতকাল রোববার জারি করা অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও

বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কীরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম. পৃথকীকরণের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়ন বিষয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের উদ্বেগের পর আজ ২২ মে তারিখে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পূর্ববর্তী প্রেস নোটটি আরও স্পষ্ট করার জন্য এই পেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার আশা প্রকাশ করছে যে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও-রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন