প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ । ৩:৫৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ভারতীয় চিনি ও জিরাসহ ২ সমন্বয়ক গ্রেপ্তার

ফুলপুর প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (২২ জানুয়ারী) বিকেলে পৌরশহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জিল্লুর রহমান হৃদয় (২৮) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৬)।

এ বিষয়ে ফুলপুর উপজেলার ছাত্র প্রতিনিধি লাবীব নাহাদী রাহাত বলেন, ‘দুইজনই ফুলপুরের ছাত্র সমন্বয়ক। তবে তাদের ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠনের না।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন