প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ । ১:৩৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৮০ কর্মকর্তাকে ওএসডি, ১০১ জনের নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক।।
দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে ১০০ দিন অতিক্রম করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময়ের মধ্যে বিভিন্ন দফতরের ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পাশাপাশি ১০১ জন কর্মকর্তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিগত ৩ মাসে (আগস্ট-অক্টোবর) সিনিয়র সচিব/সচিব পদে ১২ জন, গ্রেড-১ পদে ৩ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্মসচিব পদে ২২৬ জন, উপসচিব পদে ১২৫ জন, অন্যান্য ক্যাডারে ২২১ জন, সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৯ জন এবং সহকারী সচিব (নন-ক্যাডার) পদে ৩৭ জনসহ সর্বমোট ৭৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ সময়ে চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব/সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
এছাড়া ১০১ জন কর্মকর্তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সর্বমোট এক হাজার ৮৭০ জনকে বদলি করা হয়েছে। ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন